নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে (এনসিপি) তিন কর্মীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে এবং ভুক্তভোগীরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আহতরা হলেন, জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১), এবং তামিম (২৩)। তাদের প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এনসিপি দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিন-এর পোস্টারিং চলাকালে সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় অজ্ঞাত কিছু ব্যক্তি বাধা দেয়। এর প্রতিবাদ করায় তামিমকে মারধর করা হয় এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
বুধবার দুপুর ২টায় সেই অজ্ঞাত ব্যক্তিদের চিহ্নিত করতে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে তামিম, রিয়াদ ও বায়েজিদ মিতালী মার্কেটে গেলে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে এনসিপির নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, আমার পোস্টার লাগানোর সময় তারা প্রথমবার মারধরের শিকার হয় এবং ফুটেজ সংগ্রহ করতে গেলে পুনরায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এই ঘটনায় নির্বাচনী পরিবেশের নাজুক অবস্থা স্পষ্ট। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করব এবং অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত। এনসিপির নেতাকর্মীসহ ভুক্তভোগীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর এবং তথ্য-প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত