সারাদেশ

পাওনা টাকা না পেয়ে সোনারগাঁয়ে বৃদ্ধা মায়ের ওপর পাওনাদারদের হামলা

প্রিন্ট
পাওনা টাকা না পেয়ে সোনারগাঁয়ে বৃদ্ধা মায়ের ওপর পাওনাদারদের হামলা

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৯

ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। লাঠির আঘাতে গুরুতর আহত ওই বৃদ্ধাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের হাবিবুল্লাহর ছেলে এমরান হোসেন মুকুল একটি সমিতির লেনদেন সংক্রান্ত বিষয়ে স্থানীয় গ্রাহকদের কাছে টাকা পান।

পাওনাদারদের মধ্যে ফয়সাল মিয়া, তার মা আকলিমা বেগম, জয়নাল ও হাসান সহ আরও কয়েকজন এমরানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধা মা মমতাজ বেগমকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে তারা মমতাজ বেগমের ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে।

হামলাকারীদের লাঠির আঘাতে বৃদ্ধার কোমরের হাড় ভেঙে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত বৃদ্ধার ছোট ছেলে মো. অনিক বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে ৪ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদী অনিক জানান, তার বড় ভাই এমরান হোসেন মুকুল সমিতির আর্থিক সমস্যার কারণে আত্মগোপনে আছেন। কিন্তু পাওনাদাররা এর দায় তাদের মায়ের ওপর চাপিয়ে হামলা করেছে। তিনি হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত ফয়সাল মিয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বৃদ্ধাকে টেনে নেওয়ার সময় তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।