সারাদেশ

ফতুল্লায় সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্ত্রী আটক

প্রিন্ট
ফতুল্লায় সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্ত্রী আটক

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪০

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মনিরা বেগমকে (২১) আটক করেছে পুলিশ।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুর জেলার বাসিন্দা। তিনি গত সোমবার (৮ ডিসেম্বর) দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে স্ত্রী মনিরা বেগম এবং ৫ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে হাজীগঞ্জের ভাড়া বাসায় ওঠেন।

নিহতের স্ত্রী মনিরা বেগমের ভাষ্যমতে, বুধবার রাতে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) নিয়ে আলোচনা হলে তিনি সম্মতি দেন। পরে রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি দেখেন, স্বামী নিজাম উদ্দিন ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শয়নকক্ষের জানালায় ঝুলে আছেন।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে নামিয়ে বিছানায় শোয়ান। যদিও নিহতের ভাই মইনুদ্দিনের দাবি, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন বিছানায় তার ভাইয়ের মৃতদেহ এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ ভোর রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক অবস্থায় ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মৃতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।