সারাদেশ

নারায়ণগঞ্জ সদর ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: মিডিয়া সমাজের আয়না

প্রিন্ট
নারায়ণগঞ্জ সদর ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: মিডিয়া সমাজের আয়না

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা সদর উপজেলার প্রধান সমস্যাগুলো যেমন মাদক, সন্ত্রাস নির্মূল এবং জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিক সমাজের আয়না। তারা সমাজের সকল তথ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, যার ভিত্তিতে দেশ পরিচালিত হয়।

নবাগত ইউএনও প্রশাসন ও মিডিয়াকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করে বলেন, আপনারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা সকল সমস্যা সমাধান করে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো।

সভায় বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, নয়াদিগন্তের ফতুল্লা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।