সারাদেশ

গেন্ডারিয়ায় মানবিক আয়োজনে মুস্তাকিম নিবিড়ের অঙ্গীকার অসহায় মানুষের পাশে দাঁড়াবে সূচনা ফাউন্ডেশন

প্রিন্ট
গেন্ডারিয়ায় মানবিক আয়োজনে মুস্তাকিম নিবিড়ের অঙ্গীকার অসহায় মানুষের পাশে দাঁড়াবে সূচনা ফাউন্ডেশন

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৩৯

রাজধানীর গেন্ডারিয়ার বিপিন রায় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন। শনিবার সকালে প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার চল্লিশ দিনের দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় এ মানবিক কর্মসূচি। পরবর্তী সময়ে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও গরম কাপড় বিতরণ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান আল বারু মুস্তাকিম নিবিড়। তিনি বলেন, সমাজে যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোই সূচনার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তার স্মৃতি ধরে রাখতে ফাউন্ডেশনের কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে।

এ সময় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেষ্টা মোতালেব টিটু ও আরিফুর পান্না উপস্থিত ছিলেন। আরও ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক গাজী ফয়সাল তনু, মাহবুবুর রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন। অনুষ্ঠানে দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক খন্দকার জুয়েল এবং বার্তা সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বরাও যোগ দেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেয় আল বারু মুস্তাকিম নিবিড়ের শিশু সন্তান মুহাম্মাদও। প্রয়াত মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির মানবিক কাজের অংশ হিসেবে তাকে পাশে পেয়ে অতিথিরা আবেগপ্রবণ হন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী মাসের প্রথম দিন থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে মা ও শিশুর জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের উদ্যোগ চালু হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফাউন্ডেশনের সদস্যরা বলেন, মানবিক সেবার মাধ্যমে সূচনার স্মৃতিকে ধারণ করাই তাদের লক্ষ্য।