রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে নির্বাচনী পরিবেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে যে কোনো ধরনের সহিংসতা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের পরিচয় যাই হোক না কেন আইনের আওতায় আনা হবে।
আহত শরিফ ওসমান হাদির দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
এ ছাড়া হামলার ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক ও বিস্তৃত তদন্ত পরিচালনা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দল, কর্মী এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন হবে।
মতামত