সারাদেশ

হামলাকারীদের চিহ্নিত করেছে ডিএমপি তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

প্রিন্ট
হামলাকারীদের চিহ্নিত করেছে ডিএমপি তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৪

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিএমপি সাধারণ জনগণের কাছে হামলাকারীদের বিষয়ে তথ্য চেয়ে সহায়তা আহ্বান জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তাদের অবস্থান জানা গেলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপি জানিয়েছে, হামলার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।