ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভা ও মিছিল থেকে তিনি এই নিন্দা জানান। সভায় বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় মাসুদুজ্জামান বলেন, প্রত্যেক দলের মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই একই দেশের নাগরিক। ভিন্নতা মেনে নিয়েই ঐক্যবদ্ধ থাকা গণতন্ত্রের সৌন্দর্য। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্র দেশকে অস্থিতিশীল করতে একের পর এক হামলা ও অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছে।
প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ মহানগর যুবদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ মিছিল বের করেন।
মতামত