শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলো, নাইম (৩০) ও মাসুম (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শীর্ষ মাদক কারবারি মনির ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হলে, তাদের ছিনিয়ে নিতে মাদক চক্রের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি চালায়।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত পথচারীরা হলেন, হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। আহতদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হচ্ছে। ওই এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মতামত