সারাদেশ

রাজশাহীতে মন্দির পুরোহিতকে মারধর, থানায় অভিযোগ

প্রিন্ট
রাজশাহীতে মন্দির পুরোহিতকে মারধর, থানায় অভিযোগ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১:৩০

রাজশাহী মহানগরীর পঞ্চবটী মহাশ্মশানের বাঁশ দিতে অস্বীকৃতি জানানোয় মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধর করেছেন স্থানীয় এক বখাটে যুবক।

শনিবার বেলা ১২টার দিকে নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত জানান, স্থানীয় বখাটে যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে কবুতরের মাচা তৈরির জন্য মন্দিরের বাঁশ দাবি করে। এ সময় পুরোহিত বাঁশ দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আলিফ আলী পুরোহিতকে চড়-থাপ্পর মারতে থাকে। ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘর থেকে লাশ পোড়ানোর কাজে ব্যবহৃত বাঁশ নিতে এলে পুরোহিতের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হয়। পরে পুরোহিত ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে চাইলে তাকে মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুরোহিত ও অভিযুক্ত যুবক পরস্পরের পূর্বপরিচিত। পুরোহিতের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।