সারাদেশ

মাগুরার শ্রীপুরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রিন্ট
মাগুরার শ্রীপুরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকেরা অংশ নেন। আলোচনা সভার শেষে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।