সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের বর্বর হত্যাকাণ্ডে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা স্মরণ করেন, পরাজয় নিশ্চিত জেনে স্বাধীনতাবিরোধী চক্র দেশকে মেধাশূন্য ও পঙ্গু করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করেছিল। এই জঘন্যতম বর্বরতা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তব্ধ করে দিয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার অর্জন কুমার দাস-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানউল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাদের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাবে। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
মতামত