সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালনকালে ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও আটজন। শহীদদের মধ্যে কুড়িগ্রাম জেলার দুই গর্বিত সন্তান থাকায় তাদের নিজ নিজ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, গত শনিবার দুপুরে সুদানের আবেই অঞ্চলের কাদুগলি লজিস্টিক বেস লক্ষ্য করে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই ড্রোন হামলা চালায়। এই আকস্মিক ও কাপুরুষোচিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন বীর সেনা সদস্য প্রাণ হারান।
নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার দুই সৈনিক রয়েছেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সৈনিক শান্ত মন্ডল রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের বাসিন্দা, সৈনিক মমিনুল ইসলাম উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামের বাসিন্দা।
সৈনিক শান্ত মন্ডল ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং চলতি বছরের নভেম্বর মাসেই সুদানে শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন। বিদ্রোহীদের হামলায় তাঁর অকাল মৃত্যৃতে পরিবার ও এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
অন্যদিকে, সৈনিক মমিনুল ইসলামের মৃত্যুর খবর পৌঁছানোর পর উলিপুরের উত্তর পান্ডুল গ্রামজুড়ে শোকের মাতম চলছে। স্বজন ও গ্রামবাসী দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর সেনার মরদেহ একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের এই ঘটনায় সরকার ও সংশ্লিষ্ট মহল গভীর শোক প্রকাশ করেছে।
মতামত