সারাদেশ

৫০ বিজিবির উদ্যোগে বালিয়াডাঙ্গী সীমান্তে ৮০০ পরিবারকে শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা

প্রিন্ট
৫০ বিজিবির উদ্যোগে বালিয়াডাঙ্গী সীমান্তে ৮০০ পরিবারকে শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ৯:০৬

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ রবিবার (১৪ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবির পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ৮০০ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের বাঙ্গালীটলী সরকার মঈনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় বিজিবি সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। একইসাথে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের জন্য একটি মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হয়, যা এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বিজিবির কর্মকর্তারা জানান, শীতকালে সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সেবার পাশাপাশি বিজিবি সব সময় জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।