সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলা: মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতে ইসলামীর

প্রিন্ট
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলা: মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাদিক কায়েম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি নেতা খোরশেদ আলমের দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।

সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, তথ্য বিকৃতির মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, নৈতিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে।

জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে অবিলম্বে মিথ্যা বক্তব্যটি প্রত্যাহার এবং ভবিষ্যতে বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।