কুড়িগ্রাম জেলা আজ দেশের জন্য জীবন উৎসর্গকারী দুই বীর সেনাকে হারিয়ে শোকস্তব্ধ। শহীদ শান্ত মন্ডল (২৬) এবং শান্তিরক্ষী সেনা মমিনুল ইসলামের (৩৮) মৃত্যুতে তাদের পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।
শহীদ শান্ত মন্ডল রাজারহাট উপজেলার সাটমাধাই ডারারপাড় গ্রামের বাসিন্দা। তিনি সাবেক সেনা সদস্য মরহুম নুর ইসলাম মন্ডলের ছেলে। তার বড় ভাই সোহাগ মন্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।
শান্তিরক্ষী সেনা মমিনুল ইসলাম উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামের আব্দুল করিমের ছেলে। পরিবারে স্ত্রী ও দুই কন্যাসন্তান (একজন সপ্তম শ্রেণি এবং অন্যজন চার বছর বয়সী) রেখে গেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুল ইসলাম মাত্র ৩৩ দিন আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দিয়েছিলেন। শনিবার বিকেলে ভিডিও কলে পরিবারের সঙ্গে শেষ কথা বলার পরই রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর পৌঁছায়।
দুই বীর সন্তানের মৃত্যুতে তাদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে বাড়ির আঙিনা ভারী হয়ে উঠেছে। স্বামীর মৃত্যুতে স্ত্রী এবং পুত্রশোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন।
দেশের জন্য এই আত্মত্যাগে কুড়িগ্রামবাসীর হৃদয়ে নেমে এসেছে গভীর বেদনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ এই বীরদের প্রতি শোক ও গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।
মতামত