ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর সাহাপাড়া গ্রামে \'দৈনিক মানবাধিকার প্রতিদিন\' পত্রিকার সাংবাদিক জয়নাল আবেদীনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র ও সাংবাদিক জয়নাল আবেদীন জানান, বাড়ির প্রবেশপথ ও জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত মো. মন্তাজ আলী ও হাবিবুর রহমানের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ মীমাংসা করে দিলেও দখলকৃত জমি বুঝিয়ে না দেওয়ায় অভিযুক্তরা তাকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছিলেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আদালতের সমন জারির পর অভিযুক্তরা সাংবাদিকের বাড়ির যাতায়াতের রাস্তায় গর্ত করে ও ময়লা ফেলে বাধা সৃষ্টি করে। জয়নাল আবেদীন ভিডিও ধারণ করতে গেলে মন্তাজ আলীসহ তার পরিবারের সদস্যরা ইট-পাটকেল ছোড়ে এবং বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংবাদিক ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় সাংবাদিক জয়নাল আবেদীন আইনি ব্যবস্থা নিচ্ছেন।
মতামত