ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ডিবি পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে এবং তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তায়েব শিকদারের বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা চালানো হয়েছিল এবং এতে কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্র-জনতা নিহত হয়।
পুলিশ আরও জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তায়েব শিকদার আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় মহাসড়কে সরকার বিরোধী মিছিলের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তায়েব শিকদার থানা হেফাজতে রয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
মতামত