কক্সবাজারের মোহাম্মদ ছৈয়দ আলম (২৮) নামে এক ইয়াবা কারবারিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মোহাম্মদ ছৈয়দ আলম কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার ফইত্যার পাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বন্দর থানার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন নিউ ভান্ডারী হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার দেহ তল্লাশি করে ৮টি জিপারের মধ্যে রক্ষিত ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছৈয়দ আলম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খ সার্কেলের পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (রুজু) করেছেন। গ্রেপ্তারকৃতকে সোমবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত