রংপুর

ফুলবাড়ীতে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

প্রিন্ট
ফুলবাড়ীতে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

ছবি : বর্ণাঢ্য র‍্যালি


প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, রাত ৯:০৬ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১০


মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির জনাব মাওলানা মোঃ আব্দুল মালেক।


এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোঃ আব্দুল কাদের (বিএসসি)। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব মাওলানা মোঃ সেকেন্দার আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনায় দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, দেশে যেন কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।


ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান তার বক্তব্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শিবিরকে দায়ী করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানান।


পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই বিপ্লবে আহত ও নিহত যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ র‍্যালিতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করা হয়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।