ছবি : শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
ইয়াকুব সরকার | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি–২০২৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শেষ ধাপের অর্থ বিতরণ এবং ফুল শিক্ষাবৃত্তি–২০২৫ এর পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাইট আনটিল লাইট (ফুল)–এর উদ্যোগে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার ফুল শিক্ষাবৃত্তি–২০২৪ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন।
ফুলের পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রাণী রায়, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা বেগম, উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি আনিসউর রহমান ও সাধারণ সম্পাদক ছায়দুল হক।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে একটি বড় অনুপ্রেরণা। নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
এসময় ফুলের পরিচালক আব্দুল কাদের বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আমাদের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।
মতামত