সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী চক্রের দাপটে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস না পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, কেরালকাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মো. রবিউল ইসলাম, জিয়ারুল ইসলাম ও ইমাদুল ইসলাম নামে তিন ভাই কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই বালি উত্তোলন ও বিক্রি চালিয়ে যাচ্ছেন। এর ফলে আশপাশের কৃষিজমি যেমন নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে সাধারণ মানুষের বসতভিটা ও ঘরবাড়ি।
সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে অনেকেই ভয়ে মুখ খুলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অবৈধভাবে তোলা এই বালি শুধু বিক্রিই করা হচ্ছে না, নিজেদের ঘরের পাশেও বিশাল স্তূপ করে মজুত রাখা হচ্ছে। প্রতিবাদ করলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় বলে স্থানীয়দের অভিযোগ।
অবৈধ বালি উত্তোলনের ফলে ওই এলাকার রাস্তাঘাট ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। কৃষি ও পরিবেশ রক্ষায় এই অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।
মতামত