সারাদেশ

বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় বিএনপি কর্মীসহ ২ যুবক জখম

প্রিন্ট
বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় বিএনপি কর্মীসহ ২ যুবক জখম

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২৭ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৫৯

নারায়ণগঞ্জের বন্দরে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় মনির সরদার (৩৮) ও তার বন্ধু রুবেল (৩৬) নামে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর বাজারের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মনির সরদার একরামপুর ইস্পাহানী মসজিদ পাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে এবং রুবেল একই এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে আনোয়ার, সাদ্দাম, শুক্কুর, ইমরান ও রিপনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আহত মনির ও রুবেল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার একটি কর্মসূচিতে অংশ নিতে একরামপুর মাছ বাজারে লোক সমাগম করছিলেন। এসময় বিবাদীরা তাদের গালিগালাজ করে সেখান থেকে চলে যেতে বলে। প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো কাঁচি ও লোহার বাটখারা দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

আহতদের দাবি, হামলার সময় বিবাদীরা তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৯০৬ টাকা, একটি দামী স্মার্টফোন এবং একটি রুপার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুক্তরা বিগত সরকারের দোসর ও এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।