বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার সেই পঙক্তি— মনে করো যেন বিদেশেতে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে যেন বাস্তবে রূপ পেল নারায়ণগঞ্জের বন্দরে। নিজের মায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তাকে হেলিকপ্টারে চড়িয়ে আকাশ ভ্রমণে নিয়ে গেলেন শিল্পপতি মোহাম্মদ হাসান মিয়া খোকন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া এলাকার স্পø্যাশ প্যারাডাইজ গার্ডেন থেকে মাকে নিয়ে হেলিকপ্টারে উড়াল দেন তিনি। হাসান মিয়া খোকন ওই এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে এবং ২০২৩ সালে সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেন।
জানা গেছে, ডিসেম্বর মাসেই তার মা হামিদা খাতুনের জন্মদিন। মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এই ব্যতিক্রমী উপহারের আয়োজন করেন তিনি। হঠাৎ এমন সারপ্রাইজ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মা হামিদা খাতুন। মা-ছেলের এই দুর্লভ মূহুর্ত উপভোগ করতে স্পø্যাশ প্যারাডাইজ গার্ডেনে ভিড় করেন এলাকার শত শত উৎসুক জনতা।
সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে উপস্থিত অনেকেই প্রশংসা করেন। স্থানীয়রা জানান, বর্তমান সময়ে বৃদ্ধাশ্রমের ভিড় বাড়ার গল্পের ভিড়ে এমন দৃশ্য সমাজে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মতামত