নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কলাপাতা নামের একটি বেকারি ও মিষ্টির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সোনারগাঁ পৌর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে পৌর ভবনাথপুর এলাকার একটি ঢালাই কারখানা এবং দত্তপাড়া এলাকার একটি চুনা কারখানায় অভিযান চালানো হয়। কারখানা দুটি অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে কারখানা দুটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং সংযোগে ব্যবহৃত ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, অবৈধ সংযোগের মাধ্যমে এই চক্রটি প্রতিদিন প্রায় ৮ হাজার ১৮০ ঘনফুট গ্যাস ব্যবহার করছিল, যার ফলে সরকার প্রতিমাসে মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। মালিকরা ঘটনাস্থলে না থাকায় তাদের কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি, তবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তিতাসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে বারবার সংযোগ বিচ্ছিন্ন করার পরও অর্থের বিনিময়ে পুনরায় সংযোগ নেওয়া হয়। আজকের অভিযানটি ছিল তৃতীয় দফা।
অন্যদিকে, জরিমানাপ্রাপ্ত কলাপাতা মিষ্টির কারখানার মালিক মামুন শিকদার দাবি করেন, তারা কোনো অবৈধ গ্যাস ব্যবহার করেন না, তবুও তাদের জরিমানা করা হয়েছে। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সোনারগাঁ থানা পুলিশ সহায়তা প্রদান করে।
মতামত