পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ চিহ্নিত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বলরামপুর গ্রামের সুলতানা বেগম ওরফে বিন্দুমাসি (৪৭) এবং তার স্বামী গোলাপ হোসেন (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্দুমাসি ও তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।
জেলা পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বলরামপুর গ্রামের সুলতানা বেগম ওরফে বিন্দুমাসির বসতবাড়িতে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার করলে কৌশলে দম্পতিকে আটক করা হয়। আটকের পর তাদের তল্লাশি করে এবং বসতবাড়ি থেকে ৩৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা এবং ১ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৯৬০ টাকা জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকের কারবার চালিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মতামত