সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

প্রিন্ট
রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৪৪

রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান প্রাঙ্গণে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার বেলা ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে কঠোর নিরাপত্তায় তার মরদেহ জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় সম্মানের পর দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দাফনকালে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামীলা রহমানসহ পরিবারের নিকটজনরা।

বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করেন। দাফন শেষে বর্তমানে সমাধি প্রাঙ্গণে শেষ পর্যায়ের ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা চলছে।

উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।