সারাদেশ

ব্রহ্মপুত্র খননে অনিয়ম: শেরপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি

প্রিন্ট
ব্রহ্মপুত্র খননে অনিয়ম: শেরপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩৯

শেরপুরের ব্রহ্মপুত্র নদে বিআইডব্লিউটিএ-এর ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন ভাগলগড় এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে, তাতে বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি।

নদীর তীরবর্তী নতুন ভাগলগড় এলাকার কৃষকদের দাবি, ড্রেজিং করা বালু নদীর পাড়ে না ফেলে পাইপলাইনের মাধ্যমে পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলান্দহে নিয়ে বিক্রি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা নোমান ও জসিম মিয়া জানান, এরই মধ্যে প্রায় ৫০ একর আবাদি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। ধান, ভুট্টা ও সবজি ক্ষেত হারিয়ে অনেক কৃষক এখন নিঃস্ব। দ্রুত ড্রেজিং বন্ধ বা পরিকল্পিত ব্যবস্থা না নিলে ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

এলাকাবাসীর মতে, উত্তোলিত বালু পার্শ্ববর্তী জেলায় পাচার হওয়ায় শেরপুর জেলা কর্তৃপক্ষ বড় অংকের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক জানান, ড্রেজিংয়ে অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।