বছরের শুরুতেই এলপিজি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের বন্দরের সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৬০০ টাকা বেড়ে ১ হাজার ৮০০ টাকায় দাঁড়িয়েছে। যা সপ্তাহখানেক আগেও ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৩০ টাকার মধ্যে ছিল।
স্থানীয় বিসা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক বিসা ও সাধারণ ক্রেতা রুবেল জানান, হুট করে দাম বাড়ায় রান্নার খরচ কয়েক গুণ বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা বলছেন, আয় না বাড়লেও নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে গ্যাসের দাম বাড়তে থাকায় তারা এখন জ্বালানি হিসেবে কাঠের ওপর নির্ভর করার কথা ভাবছেন।
ঘারমোড়া বাজারের খুচরা বিক্রেতা জামাল মিয়া জানান, পাইকারি পর্যায়ে কোম্পানিগুলো দাম বাড়িয়ে দেওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাগবিতণ্ডা হচ্ছে এবং বিক্রিও অনেকটা কমে গেছে।
এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় সিলিন্ডার প্রতি খরচ বৃদ্ধি পেয়েছে। তবে খুচরা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের তোয়াক্কা না করে ব্যবসায়ীরা অতিরিক্ত ১০০ থেকে ১২০ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
মতামত