ভোরের কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সোনারগাঁয়ের জনজীবন। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে উপজেলার বাজারগুলোতে গরম কাপড় কেনাবেচার ধুম পড়েছে। শপিংমল থেকে শুরু করে ফুটপাত সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়।
মোগরাপাড়া, কাঁচপুর ও বারদী এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। শপিংমলগুলোতে তরুণ ও মধ্যবিত্তদের ভিড় বেশি। সেখানে ডেনিম জ্যাকেট, হুডি, উলের সোয়েটার ও কার্ডিগান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২৫০০ টাকায়। অন্যদিকে, নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা ফুটপাতের ভাসমান দোকানগুলো। এখানে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে মিলছে সোয়েটার, মাফলার ও কানটুপি।
মোগরাপাড়ার বিক্রেতা সাইফুল আলম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি কয়েক গুণ বেড়েছে। দিনে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফুটপাতের বিক্রেতা আরিফ হোসেন বলেন, শীত বাড়লে আমাদের রুজি বাড়ে। কম দামে ভালো মানের পুরোনো কাপড় পাওয়ায় এখানে ভিড় সবচেয়ে বেশি।
দোকানগুলোতে উৎসবের আমেজ থাকলেও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। এক শিক্ষার্থী অভিযোগ করেন, শীতের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। আবার অনেক শ্রমজীবী মানুষকে প্রয়োজনীয় কাপড়ের অভাবে কষ্ট পেতে দেখা গেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সামর্থ্যবানদের উচিত এই তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো। একটি পুরোনো জ্যাকেট বা কম্বল অনেক দুস্থ মানুষের শীতের কষ্ট লাঘব করতে পারে।
মতামত