নারায়ণগঞ্জের বন্দরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজেরা বেগম (৪৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ফুলহর মাজার বাড়ি এলাকায় নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাজেরা বেগম ওই এলাকার রমু মিয়ার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাজেরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকারের তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে হাজেরার বসতঘর তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত নারীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত