নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন ও সম্ভাবনার সূচনা। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর জন্য এটি আমাদের অনুপ্রেরণা জোগায়। তিনি একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে।
বাণীতে তিনি আরও উল্লেখ করেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে একটি অবাধ নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।
মতামত