নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) পরিচালিত এই অভিযানে মাদক, জ্বালানি তেল, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার অংশ হিসেবে একটি সিলভার রঙের নোহা মাইক্রোবাসসহ (চ-১৯-৪৬১১) দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি স্টিলের হ্যান্ডকাপ ও একটি পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে চোরাই ডিজেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪০০ লিটার ডিজেল ভর্তি ৭টি ড্রাম এবং তেল পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু সংক্রান্ত মামলায় একজন এবং চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় একজনকে এবং আদালতের পরোয়ানাভুক্ত (জিআর ও সিআর) আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত মোট ১১ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত