নারায়ণগঞ্জের বন্দরে নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে সিএনজি যাত্রীকে অচেতন করে টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন শরীফ, সাদ্দাম মিজি, মো. ইয়াসিন হোসেন ওরফে রবিউল, মো. রোকন গাজী ও সজিব মিয়া। অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর কল্যান্দী এলাকার ব্যবসায়ী দুলাল হোসেন ৮৬ হাজার টাকা ও হিসাবের খাতা নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। ব্যাংক পার হয়ে চালক গাড়িটি দ্রুতগতিতে অন্য পথে নিয়ে যায়। একপর্যায়ে চক্রটি দুলালের চোখে-মুখে শয়তানের নিঃশ্বাস স্কোপোলামিন নামক নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে অচেতন করে টাকা ও ব্যাগ নিয়ে অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীদের অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছিল।
মতামত