সারাদেশ

পাঁচবিবিতে জুয়েলারি দোকানে ডাকাতি: ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট

প্রিন্ট
পাঁচবিবিতে জুয়েলারি দোকানে ডাকাতি: ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৪১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার স্টেশন রোডে মন্ডল জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে শনিবার (৩ জানুয়ারি) ভোরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকান থেকে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত সুপরিকল্পিতভাবে ওই দোকানে হানা দেয়। তারা অস্ত্রের মুখে দোকানের নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে সাটার ও সিন্দুক ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যে স্বর্ণ ও নগদ টাকা লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।

দোকান মালিক জানান, ডাকাতরা অত্যন্ত সংঘবদ্ধ ছিল এবং চোখের পলকে সব লুট করে তাকে নিঃস্ব করে দিয়েছে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

পাঁচবিবি থানা পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে শহরের জনবহুল এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।