প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্ডার কামরুজ্জামান। ইউনিয়ন সমাজকর্মী এস এম ওয়ালিউল্লাহ হোসাইনীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, থানা ওসি (তদন্ত) মো. শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মোল্লা ও যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, নিরঞ্জন কুমার রায়, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মতামত