সারাদেশ

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষায় নির্বাচনে লড়ব: গিয়াসউদ্দিন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষায় নির্বাচনে লড়ব: গিয়াসউদ্দিন

প্রকাশিত : ৩ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৭

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষা এবং নেতাকর্মীদের দাবির মুখে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গিয়াসউদ্দিন জানান, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর দাখিল করা দুটি মনোনয়নপত্রই জেলা রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের দলের ৭ জনের যে কেউ নির্বাচন করলে আমি লড়ব না। এমনকি সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম নির্বাচন করলেও আমি সরে দাঁড়াব। তবে তিনি না করলে আমি অবশ্যই নির্বাচন করব।

বক্তব্যে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বর্তমান প্রার্থীর কড়া সমালোচনা করে বলেন, তিনি সিদ্ধিরগঞ্জবাসীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছেন এবং সোনারগাঁর ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। আমি এই মাটির সন্তান হিসেবে এলাকাবাসীর এই অপমান মেনে নিতে পারি না। নেতাকর্মীদের অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি ।

দলের ভেতরকার পরিস্থিতি উল্লেখ করে সাবেক এই এমপি বলেন, বিএনপির অনেকেই শামীম ওসমানের সঙ্গে আঁতাত করে চললেও আমি আপস করিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জীবন বাজি রেখে রাজপথে ছিলাম বলেই সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আমার পাশে আছেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলসহ স্থানীয় নেতাকর্মীরা।