সারাদেশ

মাগুরায় সাবেক যুবলীগ নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রিন্ট
মাগুরায় সাবেক যুবলীগ নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:২৯ আপডেট : ৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:৩৪

মাগুরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে কারাগারে থাকা শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন।

এই আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর কম থাকা এবং ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। বর্তমানে তিনি শ্রীপুর থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। এছাড়া আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের প্রার্থী ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের (সাবেক উপদেষ্টার এপিএস) জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমানের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।