সারাদেশ

বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে সাইনবোর্ডে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

প্রিন্ট
বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে সাইনবোর্ডে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ৯:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেন অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট কমিটির সাবেক নেতাদের অর্থ লুটপাটের কারণে বর্তমানে ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এর জেরে ডিপিডিসি গত ৯ দিন ধরে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। বিদ্যুৎ না থাকায় ৩ হাজার দোকানের কয়েক হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। অবরোধ চলাকালে ব্যবসায়ীরা বিদ্যুৎ চাই, বাঁচতে চাই স্লোগান দিয়ে দ্রুত সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।