নতুন বছরের শুরুতেই এলপিজি গ্যাসের বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির অভিযোগে মাগুরায় এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের দোহার পাড় এলাকায় মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৩ টাকা হলেও উক্ত প্রতিষ্ঠান পাইকারি পর্যায়েই ১৩৩০-১৩৫০ টাকায় বিক্রি করছিল। এছাড়া বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদের বৈধ নথিপত্র না থাকা, ওজনে কম পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রমাণ পায় তদারকি দল। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সজল আহমেদ আরও জানান, নতুন মূল্য ঘোষণার আগেই সিন্ডিকেট করে দাম বাড়ানোর গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা রুখতে জেলার প্রতিটি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
মতামত