সারাদেশ

কুড়িগ্রামের ডিসির নিয়োগ নিয়ে বিতর্ক: অপসারণের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা

প্রিন্ট
কুড়িগ্রামের ডিসির নিয়োগ নিয়ে বিতর্ক: অপসারণের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪৭

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথের নিয়োগকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে অতীত রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিভিন্ন মহল।

আন্দোলনকারীদের দাবি, অন্নপূর্ণা দেবনাথ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রভাবশালী পদে থেকে বিশেষ সুবিধাভোগী ছিলেন। তাঁর নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অতি-উৎসাহী অভিনন্দন ও বিশ্ব হিন্দু মহাজোটের এক নেতার পোস্ট সাধারণ মানুষের মনে গভীর সন্দেহ ও প্রশ্নের উদ্রেক করেছে। অভিযোগ উঠেছে, তিনি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে বিশেষ এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হতে পারেন।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে একই ব্যক্তি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকায় জনমনে অনাস্থা তৈরি হয়েছে। বিক্ষুব্ধ মহলের অভিযোগ, রাজনৈতিকভাবে বিতর্কিত ও ইসকন-সংশ্লিষ্টতার অভিযোগ থাকা কোনো কর্মকর্তার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে তাঁকে উভয় পদ থেকে দ্রুত প্রত্যাহারের দাবি উঠেছে। সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে তাঁকে সরিয়ে না দেওয়া হলে জেলাজুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।