সারাদেশ

জয়পুরহাটে নারীর বাড়িতে ডাকাতি: ৫ পেশাদার ডাকাত গ্রেফতার

প্রিন্ট
জয়পুরহাটে নারীর বাড়িতে ডাকাতি: ৫ পেশাদার ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৯

জয়পুরহাটের কালাইয়ে এক নারীর বাড়িতে হানা দিয়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা লুটের ঘটনায় ৫ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে কালাই ও বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার ৪ জানুয়ারি কালাই থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা।

গ্রেফতারকৃতরা হলেন, কালাই উপজেলার নান্দাইল পূর্বপাড়া গ্রামের আব্দুল মোত্তালেব (৬০) ও মোহাম্মদ আলী (৪০), দেওগ্রাম এলাকার সবুজ মিয়া (২৮) ও আঞ্জুমান (২৮) এবং বগুড়ার শিবগঞ্জের বিপুল (২৮)।

পুলিশ সুপার জানান, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে নান্দাইল পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা শাহানার বেগমের ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। তারা গৃহকর্ত্রীকে জিম্মি ও মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নেয়। এই ঘটনায় ২৫ ডিসেম্বর মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে পার্শ্ববর্তী জেলাগুলোতে ৮ থেকে ৯টি করে মামলা রয়েছে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটার যন্ত্র, ধারালো ছোরা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।