কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে তিন ট্রলি চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার সোনাইকাজী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আমিনুল ইসলাম (৩৮), বাদশা মিয়া (৩৫) ও রফিকুল ইসলাম (৩৬)। তাদের প্রত্যেকের বাড়ি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
প্রশাসন সূত্রে জানা যায়, ধরলা নদী থেকে বালু উত্তোলন করে অবৈধভাবে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। এ সময় মূল ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিন চালককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত