সারাদেশ

নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রিন্ট
নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, রাত ১২:২৮

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে। রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র আজকের মধ্যেই জারি হবে। ওই পরিপত্রে যৌথবাহিনীর দায়িত্ব ও কার্যপরিধি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। নির্বাচন কমিশনের উদ্যোগে ইতোমধ্যে সকল বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট হেডকোয়ার্টারগুলো অবগত রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচনকে কেন্দ্র করে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ ও মজুদ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনোভাবেই অপরাধমূলক কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়েও নজরদারি থাকবে।

দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আর তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের ঘটনা যৌথবাহিনী সরাসরি দেখভাল করবে। ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট রুটিন কমিটির মাধ্যমেই নিষ্পত্তি হবে।

এ সময় রোহিঙ্গা ক্যাম্প সংক্রান্ত নিরাপত্তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ক্যাম্পগুলো সিলগালা রাখতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।