সারাদেশ

ফতুল্লায় প্রতিবন্ধী শিশু ও শিক্ষার্থীদের মাঝে ডিসির শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রিন্ট
ফতুল্লায় প্রতিবন্ধী শিশু ও শিক্ষার্থীদের মাঝে ডিসির শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে তিনি শিশুদের বিনোদনের জন্য একটি নবনির্মিত মিনি পার্ক উদ্বোধন করেন।সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার আয়োজনে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ সামগ্রী বিতরণ ও উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। শুধু বেঁচে থাকাই জীবন নয়, সেই লক্ষ্য অর্জনে বাধা এলেও তা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা প্রকল্প পরিচালক পবিত্র চন্দ্র মণ্ডল, ইউপি সদস্য আব্দুল জলিল এবং প্রতিষ্ঠানের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক শিশুদের আবাসন ও ডাইনিং ব্যবস্থা পরিদর্শন করেন। শিশুদের মানসিক বিকাশে নির্মিত মিনি পার্কটি উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।