সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ বিচ্ছিন্ন: নেসকো প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ বিচ্ছিন্ন: নেসকো প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ৯:২০

ঠাকুরগাঁওয়ে নিয়ম মেনে আবেদন ও সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও কোনো নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর বিরুদ্ধে। এ ঘটনায় হয়রানি ও অসদাচরণের প্রতিকার চেয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের বিরুদ্ধে জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ফিরোজ জামান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ জামান প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়ে গত ৬ নভেম্বর তার বসতবাড়িতে প্রিপেইড মিটারে সংযোগ লাভ করেন। কিন্তু সংযোগের মাত্র সাত দিনের মাথায় কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় নেসকো কর্তৃপক্ষ।

ভুক্তভোগী ফিরোজ জামান বলেন, সব ধরণের যাচাই-বাছাই ও দুই দফা সার্ভে শেষে আমাকে সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ বিদ্যুৎ কেটে দেওয়ায় আমার পরিবার দীর্ঘ সময় অন্ধকারে কাটাতে বাধ্য হয় এবং ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যায়। এ বিষয়ে অফিসে যোগাযোগ করলে নির্বাহী প্রকৌশলী আমার সঙ্গে অসদাচরণ করেন এবং মামলার হুমকি দেন। কোনো উপায় না পেয়ে তিনি গত ২৯ ডিসেম্বর লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন।

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী জানান, পূর্ব নোটিশ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বিদ্যুৎ আইন ও ভোক্তা অধিকার বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের শামিল।

অভিযোগের বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ওই গ্রাহকের বোনেরা সংযোগ না দেওয়ার জন্য লিখিত অভিযোগ করায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সার্ভে করার পর কেন নোটিশ ছাড়াই সংযোগ কাটা হলো প্রশ্নের কোনো সদুত্তর তিনি দেননি।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মজনু মিয়া অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।