সারাদেশ

খোদাভীরু শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: গোলাম মসীহ্

প্রিন্ট
খোদাভীরু শাসন ছাড়া কল্যাণরাষ্ট্র সম্ভব নয়: গোলাম মসীহ্

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ্ বলেছেন, খোদাভীরু লোকের শাসন ছাড়া প্রকৃত কল্যাণরাষ্ট্র গঠন করা সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন শাসকের শাসন দেখলেও দেশের মানুষ প্রকৃত শান্তি ও ন্যায়বিচার পায়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ ইসলামী আন্দোলনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মসীহ্ বলেন, আমরা বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হতে দেখেছি। ফ্যাসিস্ট শাসনের নামে মানুষ শোষিত হয়েছে, কিন্তু দেশে ন্যায়পরায়ণ শাসকের অভাব ছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের শান্তি নিশ্চিত করতে হলে আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করলে দেশ একটি সত্যিকারের কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।

সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, থানা উত্তরের সভাপতি মুহা. বিল্লাল হোসেন তালুকদার ও সেক্রেটারি আ. মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।