সারাদেশ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: সাবেক দুই ছাত্রনেতা গ্রেফতার

প্রিন্ট
  মাগুরায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: সাবেক দুই ছাত্রনেতা গ্রেফতার

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৩২

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)। তারা দুজনেই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী ফরিদপুরের একটি জুটমিলে কর্মরত। গত সোমবার (৫ জানুয়ারি) রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেখানে নাফিস ও সানি ছাড়াও রুবেল ও সুমন নামে আরও দুই যুবক তাকে গণধর্ষণ করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে ওই নারী পরিবারের সহায়তায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মহম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সানি ও স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন জানান, অভিযুক্তরা একসময় কমিটির সদস্য থাকলেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গত আট মাস আগেই ওই উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তাদের কোনো সক্রিয় কমিটি নেই।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।