রংপুর মহানগরীর মেডিকেল মোড় এলাকায় এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মোখলেছার রহমানকে (৪৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ জানুয়ারি) রাতে নগরীর ধাপ এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মেডিকেল মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসার পর দ্রুত তদন্ত শুরু করে ডিবি পুলিশ।
তদন্তে জানা যায়, জনতাকে উসকে দিয়ে ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে প্রধান ইন্ধন জুগিয়েছেন মোখলেছার রহমান। গ্রেফতারকৃত মোখলেছার নগরীর উত্তম বানিয়াপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
মতামত