পাবনা টানা দুই সপ্তাহ ধরে সূর্যের লুকোচুরি আর হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নদীবেষ্টিত জেলা পাবনা। মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা, ফলে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরের পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও সামর্থ্যের অভাবে অনেক ছিন্নমূল মানুষ এখনো ধুঁকছেন। তারা সরকারি ও বেসরকারি সহায়তার জন্য অপেক্ষায় আছেন।
শৈত্যপ্রবাহের কারণে পাবনা জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪২ জন শিশু নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১২৬ জন ঠান্ডাজনিত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে বোরো বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার দাপট কমলে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
মতামত